খনিজ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় তবিউরের প্রায় পঁচিশ বছরের পানির সংকট দূর করল আল মামুন ফাউন্ডেশন।
যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মাথাভাঙা গ্রামের বাসিন্দা হতদরিদ্র ৬০ বছর বয়সী তবিউর রহমান দীর্ঘদিন ধরে দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করতে করতে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে চলাচলের ক্ষমতা হারান। নিঃসন্তান এই দম্পতির স্ত্রী কুটে বেগমও মানসিকভাবে অসুস্থ। সংসারের একমাত্র উপার্জনকারী হিসেবে তিনি অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে সংসার চালিয়ে আসছেন।
পৈতৃক সূত্রে পাওয়া সামান্য জমিতে একটি মাটির ঘর নির্মাণ করলেও আর্থিক অসচ্ছলতার কারণে বাড়িতে একটি টিউবওয়েল স্থাপন করতে পারেননি তবিউর রহমান। ফলে ২৫ বছরেরও বেশি সময় ধরে বাড়ি থেকে দূরে বিভিন্ন স্থান থেকে কষ্ট করে পানি সংগ্রহ করে আনতে হতো তাদের।
একের পর এক সরকার এসেছে ও গেছে, কিন্তু তাদের অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। দীর্ঘদিনেও তারা কোথাও থেকে একটি টিউবওয়েল স্থাপনের ব্যবস্থা বা কোনো সহযোগিতা পাননি।
তাদের এই মানবেতর জীবনের খবর পেয়ে খনিজ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর সহযোগিতায় এবং আল মামুন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অবশেষে তবিউর রহমানের বাড়িতে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে।
টিউবওয়েল স্থাপনের কাজ পরিদর্শন এবং তবিউর রহমানের খোঁজখবর নিতে তার বাড়িতে যান যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। এ সময় তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। আল মামুন ফাউন্ডেশন মানবিক সেবার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।
উক্ত কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, সাধারণ সম্পাদক ডা. সাকির আহমেদ শুভ্র, যুগ্ম সম্পাদক আসলাম শেখ, সদস্য আবু হুরাইরা (সমু), মামুন হোসেনসহ ফাউন্ডেশনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
স্থানীয়রা এই উদ্যোগে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। কারণ, এই টিউবওয়েলটি স্থাপনের মাধ্যমে তবিউর রহমান ও তার পরিবারের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট চিরতরে দূর হলো।

TechBeat